কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি মনে করে, বিনা প্রশ্নে বৈধ করা এবং পাচারের সম্পদ ফিরিয়ে আনলে নিঃশর্ত ক্ষমার যেসব বিধান আসন্ন বাজেটে থাকার সম্ভাবনা রয়েছে তা হতাশাজনক।
এক বিবৃতিতে এই আহ্বান জানায় টিআইবি।
বিবৃতিতে বলা হয়, আবাসন খাতের স্থবিরতা দূর করা এবং শিল্পখাতে বিনিয়োগ বাড়ানোর অজুহাতে এ ধরনের দুর্নীতি সহায়ক সুযোগ দেওয়া সরকারের জন্য আত্মঘাতিমূলক হবে। যা দুর্নীতি ও অনিয়মকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্বাভাবিক করারই নামান্তর। এই সুযোগ চিরতরে বন্ধ করার আহ্বান জানায় টিআইবি।
সংস্থাটির মতে, আগেও স্বল্পমেয়াদি আর্থিক লাভ-ক্ষতির যুক্তি দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হতো। কিন্তু এর ফলে কর ফাঁকি বেড়েছে এবং সৎ ও বৈধ আয়ের ব্যক্তি করদাতাদের নিরুৎসাহিত করা হয়েছে।