প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন তুরস্কের সফরত পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার রাতে ৩ দিনের বাংলাদেশ সফরে ঢাকায় আসেন হাকান ফিদান। শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এরপর রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যান এবং রাতে তিনি ঢাকায় ফিরে আসেন। আজ বিকেলে ঢাকা ছাড়ার কথা রয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।