শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা। আজ রোববার এ মামলার রায়ের পর ঢাকার আদালত প্রাঙ্গণে প্রতিক্রিয়ায় এ দাবি জানান তিনি।
আজ আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। প্রধান আসামি সোহেল রানা এবং আরেক আসামি তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
রামিসার বাবা বলেন, ‘আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। এই রায়ে আমাদের আশা ও আকাঙ্ক্ষা মিটবে। রায়ে আমি শতভাগ খুশি হয়েছি। প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি। রায় আমরা দ্রুত কার্যকর দেখতে চাই।
এদিকে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ প্রাধান্য দিলে ৩ মাসের মধ্যে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার রায় কার্যকর করা সম্ভব বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি।
গত ১৯ মে রাজধানীর পল্লবীতেশিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দা-উদ্বেগ ও দ্রুত বিচারের দাবি ওঠে। দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া রামিসার মরদেহ উদ্ধারের পরদিন ২০ মে পল্লবী থানায় হত্যা মামলা করেন তার বাবা। মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন।