শোকজের জবাব

আরও সময় চায় আদ-দ্বীন, রোববারই জবাব চায় স্বাস্থ্য অধিদপ্তর

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কেন লাইসেন্স বাতিল হবে না—স্বাস্থ্য অধিদপ্তরকে সেই জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা অর্থাৎ আগামী ৯ জুন পর্যন্ত সময় চেয়েছে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে নির্ধারিত সময় রোববার বিকেল পাঁচটার মধ্যে জবাব পাওয়া না গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আজকের মধ্যেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পাওয়ায় ৩ জুন কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। জবাবের জন্য বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা শেষ হচ্ছে রোববার। এর পরিপ্রেক্ষিতে আরও ৪৮ ঘণ্টা সময় বাড়ানোর আবেদন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, আবেদনের একটি চিঠি পেয়েছেন তাঁরা। তবে কারণ দর্শানোর নোটিশের জবাব নির্দিষ্ট সময়ে পাওয়া না গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ‘তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, আমরা অপেক্ষায় আছি। নির্দিষ্ট সময়ে জবাব পাওয়া না গেলে ব্যবস্থা নেওয়া হবে, যা গণমাধ্যমকর্মীদের জানানো হবে আজকেই।’