ধর্ষণ-হত্যার শিকার ৪ শিশুর জন্য সংসদে শোক 

ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসা, ফারিয়া, আমিনা ও তাবাসসুমের জন্য শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে (বাজেট অধিবেশন) শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।

অধিবেশনের শুরুতেই স্পিকার হাফিজউদ্দিন আহমদ ১৬ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও এমপির মৃত্যু এবং ধর্ষণ ও হত্যার শিকার ৪ শিশুর জন্য জাতীয় সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন। পরে শোকপ্রস্তাবটি সংসদে গৃহীত হয়। 

সংসদের রীতি অনুযায়ী প্রয়াত মন্ত্রী, এমপি ও দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে অধিবেশনের প্রথম দিন শোক প্রকাশ করা হয়। প্রয়াত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও পরে মোনাজাত করা হয়।

এদিকে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাত্র ৫ কার্যদিবসে রায় ঘোষণা দেশের ইতিহাসে দ্রুততম হত্যা মামলার বিচার।