টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর 

নিজস্ব তদন্ত ছাড়া পেপারকাটিং দিয়ে প্রতিবেদন করে টিআইবি, এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারের প্রথম ১০০ দিনে সংঘটিত হতাকাণ্ড-ধর্ষণ নিয়ে টিআইবি প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে এ অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর।   

প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদেরকে পুরস্কার দিয়েছে সরকার। এ উপলক্ষে সোমবার সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  

এ সময় এক প্রশ্নের জবাবে নতুন সরকারের ১০০ দিনের অপরাধ চিত্র নিয়ে টিআইবির প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, টিআইবির নিজস্ব কোনো তদন্ত নেই। পেপারকাটিং দিয়ে প্রতিবেদন করে সংস্থাটি।  

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৫ আগস্ট পরবর্তী পলাতক পুলিশ সদস্যদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে। এ বিষয়ে তদন্ত শেষ পর্যায়ে।  

রামিসা হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দেওয়াসহ সম্প্রতি আলোচিত ৩ মামলায়, আন্তরিকতা ও পেশাদারিত্বের জন্য মোট ১৫ পুলিশ সদস্যকে পুরস্কার দেওয়া হলো। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা ও সনদ দেওয়া হয়েছে।