প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে সমাজ ও দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এই আহ্বান জানান তিনি। 

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। 

সেখানে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন সাংবাদিকরা।
 
মতবিনিময়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। 

এক–এগারোর সময় নিজের ওপর অত্যাচারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নিজেদের চিন্তায় কিছুটা পরিবর্তন আনা দরকার। 

তিনি মনে করেন, যে অন্যায়ের শিকার তিনি হয়েছেন, প্রতিশোধ নিলেই তার ক্ষতিপুরণ হবে না।

তারেক রহমান বলেন, আপনি এখন প্রতিশোধ নিলেই কি সেটা আগের মতো হয়ে যাবে? হবে না। তাহলে আমরা সেই মাইন্ড সেট থেকে বেরিয়ে এসে আমরা কি করতে পারি; দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কী করতে পারি– সেটা। পারি বা না পারি, অন্তত চেষ্টা তো করতে পারি। সফল হওয়া পরের ব্যাপার। অন্তত এই মাইন্ড সেট কেন আমরা সামনের দিকে এগোই না? 
 
ফ্যাসিবাদী শাসনামলে প্রতিকূল পরিবেশে দায়িত্বপালনের জন্য সাংবাদিকদেরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
 
তারেক রহমান বলেন, আমার দলের নেতাকর্মীদেরকে তাদের বিপদের সময় এই সহযোগিতা করার জন্য এবং তাদের অত্যাচার–নির্যাতনের কাহিনি শত বাধা–বিপত্তির মধ্যেও যতটুকু সম্ভব হয়েছে তুলে ধরার জন্য, এবং একই সাথে তাদের পাশাপাশি থেকে সেই একই কষ্ট আপনারাও ভোগ করেছেন। সবকিছু মিলিয়ে আমি আন্তরিকভাবে আমার দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ দিতে চাই। 
 
দেশে স্বাধীনভাবে কাজ করবে গণমাধ্যম, এই আশাও প্রধানমন্ত্রীর।