বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর চলমান অর্থায়ন সংকটের প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শান্তি বিনির্মাণ ও মানবিক কার্যক্রমে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে শামা ওবায়েদ নারী ও মেয়েদের লক্ষ্য করে ক্রমবর্ধমান ডিজিটাল হয়রানি, অপপ্রচার ও সাইবার অপব্যবহারের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের আহ্বান জানান।
শামা ওবায়েদ বলেন, ‘আমরা ১০ লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। সীমিত সম্পদ সত্ত্বেও তাদের মৌলিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবর্তন নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। শুধু প্রতিশ্রুতিই নয়, এখন সময় এসেছে সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়নের।’