‘রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোই সমাধান’  

রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদেরকে নিজ দেশ মিয়ানমারে দ্রুত ফেরত পাঠানো। জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

শনিবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ‘রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায়। এতো দীর্ঘ সময় ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে রাখা কোনো টেকসই সমাধান নয়।’ 

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি জানান, সংকটের উৎপত্তি মিয়ানমারে। তাই, এর স্থায়ী সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে। 

স্থায়ী প্রতিনিধি বলেন, ‘প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের ওপর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ সৃষ্টি হয়েছে।’ 

এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কূটনৈতিক উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানান তিনি। রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টিরও তাগিদ দেন রাষ্ট্রদূত।