চীন সফর শেষে দেশের পথে তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। 

বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে চীন সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা জানানো হয়। 

এর আগে, চীনের স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেন। এতে প্রেসিডেন্ট শি জিনপিং জানান, নতুন যুগের জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে চীন-বাংলাদেশ কমিউনিটি গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। এসময় দ্বিপাক্ষিক সম্পর্ককে উচ্চতর পর্যায়ে উন্নীত কারার অঙ্গীকার করেন তিনি।

চীনা প্রেসিডেন্ট আরও বলেন, দেশ পরিচালনা এবং বাংলাদেশকে জাতীয় উন্নয়নে নতুন সাফল্যের দিকে নিয়ে যেতে সমর্থন করতে প্রস্তুত তার দেশ।