প্রস্তাবিত মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডরের বিষয়টি এখনও আলোচনা পর্যায়েই আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর মিয়ানমার ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার হয়ে চীন, করিডরের বিষয়টি আলোচনা পর্যায়ে আছে। এটি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’
শুক্রবার চীনের বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে অবস্থিত প্রেসিডেন্ট কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি চিনপিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এই বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন গণমাধ্যমকে বিস্তারিত জানান।
সে সময় মাহদী আমিন জানান, বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরির প্রস্তাব এসেছে। অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, পণ্য আমদানি-রপ্তানি আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই ইকোনমিক করিডোরের মূল লক্ষ্য।
পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিংয়ে বলেন, ‘মালয়েশিয়াতে অবৈধ ৮ হাজার বাংলাদেশি কর্মীর কাজে যোগদানের বিষয়ে আলোচনা হয়েছে। ঢাকা–বেইজিং সম্পর্ক আরেক ধাপে উন্নীত হয়েছে প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে।’