হোলি আর্টিজান হামলার মামলা এখন কোন পর্যায়ে?

হোলি আর্টিজানে জঙ্গি হামলা মামলার বিচার চূড়ান্ত নিস্পত্তির অপেক্ষায় রয়েছে আপিল বিভাগে। বিচারিক আদালতে ৭ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হলে তা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে করা হয় আপিলের আবেদন। 

১০ বছর আগে ২০১৬ সালের পয়লা জুলাই রাতে, গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২২ জনকে হত্যা করা হয়। ২০১৯ সালে একজনকে খালাস দিয়ে ৭ জঙ্গির মৃত্যুদণ্ডের রায় দেয় বিচারিক আদালত। 

এরপর সন্ত্রাসবিরোধী আইনের ভুল ধারায় তাদের মৃত্যুদণ্ডের কথা উল্লেখ করে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন হাইকোর্ট। ২০২৫ সালে প্রকাশিত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, সন্ত্রাসবিরোধী আইনের উপধারায় সর্বোচ্চ সাজা আমৃত্যু কারাদণ্ড। সেই হিসেবে ডেথ রেফারেন্স বাতিল করা হয়। 

গুরুত্ব বিবেচনায় মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানির উদ্যোগ নেওয়া হবে। তবে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা কম এবং মামলা জটের সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন তিনি।