বিশিষ্ট চিন্তাবিদ, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেলে রাজধানীর মিরপুরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বাংলা একাডেমির এই সভাপতির বয়স হয়েছিল ৮৬ বছর।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে মিরপুর-১ নম্বরের একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। সেখানে হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর তাঁর মরদেহ বাসায় নেওয়া হয়।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন। রাষ্ট্রভাষা আন্দোলন ও সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য।
দীর্ঘ শিক্ষকতা ও লেখালেখির জীবনে তাঁর ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’সহ ২০টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। এ ছাড়া তিনি সম্পাদনা করেছেন ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘স্বদেশচিন্তা’র মতো একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ। মননশীল প্রবন্ধ ও গবেষণায় অনন্য অবদানের জন্য ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।