দ্বিপাক্ষিক টানাপোড়েনে সার্ককে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান ঢাকার

দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের কারণে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানিয়েছে ঢাকা। সংগঠনটিকে গতিশীল করতে এখন দৃঢ় নেতৃত্বের প্রয়োজন এবং এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।  সেমিনারে বক্তারা বলেন, পারস্পরিক আস্থা ছাড়া বাণিজ্য, যোগাযোগসহ সার্বিক সম্পর্ক উন্নয়ন সম্ভব নয়। রাজনৈতিক মতপার্থক্য ভুলে সার্ক পুনর্গঠনে সব সদস্য দেশকে এগিয়ে আসার পরামর্শ দেওয়া হয়।

সহযোগিতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শামা ওবায়েদ বলেন, ‘দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের একটি প্ল্যাটফর্ম হিসেবে সার্কের গুরুত্ব অপরিসীম। তাই ভারত ও পাকিস্তানসহ সদস্য দেশগুলোর মধ্যে নতুন বহুপাক্ষিক সংলাপ ও কৌশলগত সহযোগিতা বাস্তবায়নের জন্য ব্যাপক অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বাড়াতে হবে।’ 

বিআইআইএসএসের উদ্যোগে আয়োজিত ‘সার্ক পুনরুজ্জীবিতকরণ’ শীর্ষক এই সেমিনারে বক্তারা একমত পোষণ করেন যে, সদস্য দেশগুলোর মাঝে কেবল রাজনৈতিক সদিচ্ছা থাকলেই সার্ককে পূর্ণ শক্তিতে পুনরুজ্জীবিত করা সম্ভব।

এদিকে অনুষ্ঠানের শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপনের সময় একটি অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি হয়। উপস্থাপিত স্লাইডে সার্ক সংগঠনের মানচিত্রে ভারতের ভূখণ্ডকে বিক্ষিপ্ত বা ত্রুটিপূর্ণভাবে ফুটিয়ে তোলা হয়েছে বলে অভিযোগ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা।