মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা পাবে না। মক্কা প্যাক্ট নিয়ে ইরানের কোনো উদ্বেগ নেই, সদস্য দেশ থেকে আমন্ত্রণ এলে এতে যুক্ত হবে তেহরানও।
জলিল রহিমি জাহানাবাদি বলেন, ইরানবিরোধী কোনো জোট নয় মক্কা প্যাক্ট, এটি নিয়ে বাংলাদেশের ইতিবাচক অবস্থানকে স্বাগত জানায় তেহরানও।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু করে আমেরিকা ও ইসরায়েল। প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরানও। এর মধ্যেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান।
আমেরিকার পক্ষে হরমুজ খোলার চেষ্টা করা হলেও ইরানের প্রতিবাদে তা নিয়ে এখনও ওই অর্থে কোনো সিদ্ধান্ত আসেনি। প্রায়ই হরমুজে চলাচলকারী জাহাজে হামলার খবর আসছে।



