আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত যেসব মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলো আইনি প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে প্রতিটি মামলা আইনি দৃষ্টিকোণ থেকে যাচাই-বাছাই করা হচ্ছে। এবং ভবিষ্যতেও এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।
আইনমন্ত্রী আরও বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে সরকার মামলা প্রত্যাহার করতে পারে না। কোনো মামলায় আপিল বিভাগে বিচারাধীন থাকলে প্রথমে সেই আপিলের নিষ্পত্তি হতে হবে।
এদিকে, সংসদে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশীয় মাছের প্রজাতির বিলুপ্তি রোধ এবং দেশের জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।