‘শেখ হাসিনা নিজে আসতে পারবেন না, ভারতকেই হ্যান্ডওভার করতে হবে’

ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। শেখ হাসিনার আত্মসমর্পণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

চিফ প্রসিকিউটর বলেন, ‘শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয়ে নির্বাসনে আছেন, ব্যক্তিগতভাবে এসে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। নির্বাসনে থেকে তাকে দণ্ডিত হিসেবে গ্রেপ্তার হয়েই আসতে হবে। আসতে হলে ভারত সরকারকেই তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করতে হবে।’

এর আগে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা নিয়ে চিফ প্রসিকিউটর বলেছিলেন, ‘ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন– এটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে তো আমরা কালকেই চাই। অতএব কোনো স্ট্যান্টবাজি করবেন না। এখানে আর কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না।’

গত বৃহস্পতিবার রাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া প্রায় ঘণ্টাব্যাপী এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনার কথা জানান। শুধু তিনি একাই নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তাঁর সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। 

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারিয়ে দেশ ছাড়ার পর এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দিলেন ৭৮ বছর বয়সী শেখ হাসিনা। এর আগে তিনি বিভিন্ন গণমাধ্যমের লিখিত প্রশ্নের উত্তর দিলেও সাক্ষাৎকার দেননি।