জনগণ সাথে থাকলে দেশের উন্নয়নে কোনো বিএনপি বাধা মানবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ রোপণের আহ্বান জানিয়েছেন তিনি।
আজ সোমবার বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
দক্ষিণের জেলা বরিশালে একদিনের সফরে সোমবার ভোর ৬টায় গুলশানের বাসা থেকে সড়কপথে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈরি আবহাওয়া উপেক্ষা করে সড়কের দুই পাশে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ।
সকাল ১০টার দিকে বরিশালে পৌঁছে শুরুতেই গৌরনদী উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচীতে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ৫ বছরে সরকার সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপন করবে।
পরে সাধারণ মানুষের সাথে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আগামী ১ বছরে ৪১ লাখ মানুষ ফ্যামিলি কার্ড পাবে।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, সব বাধা উপেক্ষা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বিএনপি।
তারেক রহমান বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে এগিয়ে যাচ্ছে বর্তমান সরকার।