শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত। গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। 

রণধীর জয়সওয়াল বলেন, ‘হ্যাঁ, আমরা শেখ হাসিনার প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। আমরা আগেও যেমনটি বলেছি, অনুরোধটি এখন পর্যালোচনার অধীনে রয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট আইনি ও বিচারিক প্রক্রিয়াগুলো খতিয়ে দেখা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়ালের কাছে আরও জানতে চাওয়া হয়, বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে একজন রাজনীতিবিদকে হত্যার ঘটনায় ভারতের হেফাজতে থাকা অন্য কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ থেকে কোনো অনুরোধ এসেছে কিনা।

জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমি এখনই এটি নিশ্চিত করতে পারছি না। আমাকে বিষয়টি যাচাই করতে হবে।’

ভারতের কাছে আসা যেকোনো প্রত্যর্পণের অনুরোধ বিদ্যমান আইনি প্রয়োজনীয়তা এবং বিচারিক প্রক্রিয়া মেনেই পরীক্ষা-নিরীক্ষা করা হয় বলে পুনরায় জানান রণধীর জয়সওয়াল।