হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ প্রায় শেষ। এরই মধ্যে শুরু হয়েছে প্রকল্পের জন্য নেওয়া ঋণের কিস্তিও। ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনালে অপারেশন শুরুর পরিকল্পনা বেবিচকের। তবে ডিসেম্বরে টার্মিনাল চালু করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে আগামী মাসেই চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। সোমবার দুপুরে সংস্থাটির সদরদপ্তরে কর্মশালায় এ কথা জানান বেবিচক চেয়ারম্যান।
তবে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য জাপানের সাথে চুক্তি এখনো হয়নি। জাপানি কনসোর্টিয়ামের সাথে বেশ কয়েক দফা বৈঠক হলেও চুক্তির দিনক্ষণ ঠিক হয়নি।
বেবিচক সদস্য (পরিচালন ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান জানান, চুক্তির পর টার্মিনালে বসানো বিভিন্ন যন্ত্র চালিয়ে পরীক্ষণ বা ক্যালিব্রেশনের কাজ শুরু করবে কনসোর্টিয়াম। নিয়োগ হবে লোকবল। বড় টার্মিনালের ক্ষেত্রে ক্যালিব্রেশনেই কয়েক মাস সময় লাগে। তাই ডিসেম্বরে টার্মিনাল চালু করা অনিশ্চিত।
তবে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলছেন, সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই তৃতীয় টার্মিনাল উদ্বোধন করতে চান তারা। চালু হওয়ার পর প্রাথমিক পর্যায়ে ২৫ শতাংশ ফ্লাইট পরিচালনা হবে তৃতীয় টার্মিনাল দিয়ে।
জুনে শুরু হয়েছে থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পের জন্য নেওয়া ঋণের কিস্তি পরিশোধ। কিস্তি শেষ হবে ২০৫৬ সালে।