আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—হাব। এবার সাধারণ প্যাকেজে খরচ ৪ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার টাকা। সোদি আরবে বাড়তি ব্যয়ের কারণে খরচ সামান্য বেড়েছে, বলছে হাব। এছাড়া, বিগত বছরগুলোতে যাদের কারণে বিমান ভাড়া বেড়েছিল, তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে বুধবার ৩টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব। সর্বনিম্ন প্যাকেজের খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা। আর সর্বোচ্চ প্যাকেজ ৭ লাখ ৯১ হাজার টাকার।
গত বছরের তুলনায় হজ পালনে খরচ কিছুট বেড়েছে, বলছে হজ এজেন্সিদের সংগঠন-হাব। কারণ হিসেবে সংগঠনের নেতারা বলেন, সৌদি আরবে খরচ দ্বিগুণের বেশি বাড়ায় প্যাকেজের মূল্য বাড়াতে হয়েছে।
হাবের সভাপতি মো. গোলাম সারওয়ার বলেন, ‘সৌদিতে হোটেল ভাড়া বেড়েছে। পাশাপাশি পরিবহন খরচও বেড়েছে। তাই প্যাকেজের মূল্য কিছুটা বাড়াতে হয়েছে।’
তবে সৌদি আরবে যাতায়াতের বিমান ভাড়া আগের চেয়ে কমেছে বলে জানিয়েছে হাব। এসময় নেতারা অভিযোগ করেন ২০২৩-২৪ সালে বিমান ভাড়া অনৈতিকভাবে বাড়িয়ে একটি চক্র কয়েক হাজার কোটি টাকা লোপাট করে। এই চক্রে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করেন হাবের নেতারা।
হাবের মহাসচিব ফরিদ উদ্দিন আহমেদ মজুমদার বলেন, ‘এর আগের বছরগুলোতে একটি চক্র অনৈতিকভাবে বিমান ভাড়াসহ অন্যান্য খরচ বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
আগামী বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে যাবেন প্রায় ১ লাখ ২৭ হাজার জন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৯১৫ জন হজযাত্রী। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ২৫ মে পবিত্র হজ পালিত হতে পারে।