সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীর বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তাঁর আগমন ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। পাশাপাশি ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা।
আজ রোববার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে গিয়ে দেখা যায়, ঢাকা জেলার বিভিন্ন থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা আসছেন। তারা তাদের পূর্ব নির্ধারিত জায়গায় দায়িত্বে পালনে যাচ্ছেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা স্মৃতিসৌধের ভিতরে বাহিরে অবস্থান নিয়ে শেষ মুহুর্তের নিরাপত্তার বিষয়টি নিশ্চিতে কাজ করছেন।
সৌধ এলাকা পর্যবেক্ষণ করে আরও দেখা যায়, ফায়ার সার্ভিসের গাড়ি ও কর্মীরা সৌধের ভেতরে যাচ্ছেন। পাশাপাশি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব ওনার দিতে ৩ বাহিনীর সদস্যরা সৌধে প্রবেশ শুরু করেছেন। আর সৌধ কর্তৃপক্ষ তাদের কর্মী দিয়ে সৌধের গেটের বাহিরে এবং অভ্যন্তরে শেষ মুহুর্তের ঝাড়ু-মোছার কাজ করাচ্ছেন।
সাভার জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু জানান, সকাল সাড়ে ১১টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সৌধের পরিদর্শন বইতে সাক্ষর করে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।
সৌধের এই কর্মকর্তা আরও জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন ঘিরে যাবতীয় প্রস্তুতি তারা সম্পন্ন করেছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন উপলক্ষে এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জাহাঙ্গীর আলম জানান, পুরো সাভার এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সাদা পোশাকে ও পোশাকধারী অতিরিক্ত পুলিশ সৌধ ও আশেপাশের এলাকায় ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। রাষ্ট্রপতি যখন ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে আসা যাওয়া করবেন তখন যানচলাচল বন্ধ করা হবে না। তবে সড়কে যেন কোনো ধীরগতির বা অবৈধ যানবাহন চলাচল করতে না পারে সে বিষয়ে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন।