কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশন।
২০১৮ সালে মাদকবিরোধী অভিযানে নামে ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ রোডের নোয়াখালীপাড়া এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন তিনবারের কাউন্সিলর একরামুল হক।
হত্যার সময় তার পকেটর থাকা মোবাইল ফোনের কল রেকর্ড ভাইরাল হলে তাতে শোনা যায় গুলির শব্দ ও তার আর্তচিৎকার। এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে।
এদিকে ঢাকার সাভারে পুলিশের এপিসি থেকে ফেলে ও গুলি করে আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আজ ট্রাইব্যুনালে এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
সাভারে জুলাই আন্দোলনের সময় ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের এপিসি থেকে মুমুর্ষ শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে টেনে হিঁচড়ে এক পুলিশ সদস্যকে রাস্তায় ফেলে দিতে। পরে তাকে হত্যা করা হয়।
প্রসিকিউশন জানায়, দীর্ঘ তদন্ত শেষে এ মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় সাত আসামি কারাগারে রয়েছেন। তার মধ্যর আছেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী ও মো. শাহিদুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সোহেল, মিজানুর রহমান, জাকির হোসেন ও কনস্টেবল মাসুদ মিয়া।