প্রাথমিক বিদ্যালয়ে মিড–ডে মিলের পাইলট প্রকল্প চলমান উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০২৭ সাল থেকে তা জাতীয়ভাবে দেশব্যাপী শুরু হবে। রোববার বিকেলে সিলেট বিভাগের বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালা শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন মিড ডে মিলের পাইলট প্রকল্প চলমান রয়েছে। সাতাশ সালের শুরুতে এ প্রকল্প জাতীয়ভাবে দেশব্যাপী শুরু হবে।
এসময় ববি হাজ্জাজ আরও বলেন, বিভিন্ন বিদ্যালয়ের মিড–ডে মিলের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। সেগুলো সঙ্গে সঙ্গেই পরিবর্তন করে দেওয়া হয়েছে। বর্তমানে এ কার্যক্রমের পাইলট প্রকল্প চলছে। পাইলট প্রকল্পে এ কার্যক্রমের ভুল–ত্রুটি পর্যবেক্ষণ করা হবে। পাইলট প্রকল্পের সফলতার ওপর ভিত্তি করে সাতাশ সালে দেশব্যাপী এ কার্যক্রম শুরু করা হবে।
বেসরকারি বিদ্যালয়গুলো নীতিমালার মধ্যে নিয়ে আসা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসব স্কুলের কারিকুলাম, টিচার কোয়ালিটিসহ অন্যান বিষয়ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরাসরি নজরদারির আওতায় আনা হবে। ইতোমধ্যে এ সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুর রহিম।
সিলেট নগরীর পিটিআই ভবনে দিনব্যাপী চলে কর্মশালাটি। সিলেট থেকে শুরু হওয়া এ কর্মশালা পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগেই অনুষ্ঠিত হবে বলে জানান সংশ্লিষ্টরা।