নির্ধারিত সময়ের মধ্যেই হবে রাষ্ট্রপতি নির্বাচন: সিইসি 

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশনের রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ মঙ্গলবার ডেপুটি স্পিকারের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান সিইসি।

এ সময় তিনি বলেন, এখনও দিনক্ষণ ঠিক হয়নি। তবে নির্ধারিত সময়ের মধ্যেই হবে রাষ্ট্রপতি নির্বাচন। ভোটার তালিকার জন্য এরই মধ্যে চিঠিও দেওয়া হয়েছে। 

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টার  দিকে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে চলে এ বৈঠক। এতে সিইসিসহ তিন নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংসদ সচিবালয় সচিব উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সিইসি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত।

তিনি জানান, ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণা করা হবে।

এসময় সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, সংসদ থেকে চিঠি পেলে এ বিষয়ে ইসি ব্যবস্থা নেবে।

গুরুতর অসুস্থততার কথা জানিয়ে ২৪ জুলাই শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে ২২ অক্টোবরের মধ্যে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।