সফররত মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে সামরিক কোনো ইস্যুতে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সার্জিও গরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাণিজ্য চুক্তিসহ অনেক ইস্যুতে আলোচনা হয়েছে। জ্বালানি সহযোগিতা নিয়ে কথা হয়েছে, তবে সামরিক কোনো আলোচনা হয়নি।’
রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে আমেরিকার প্রতি আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে খলিলুর রহমান বলেন, ‘র্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। এই সফরের মধ্য দিয়ে নতুন অভিমুখে যাত্রা করতে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘চীন-ভারত ইস্যুতে কোনো আলোচনাই হয়নি। এতে ধরে নেওয়াই যায় যে এ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো অস্বস্তি নেই।’
এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) মার্কিন বিশেষ দূত সার্জিও গর লিখেছেন, ‘আমার প্রথম বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদার করতে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করতে পেরে খুব ভালো লেগেছে। অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।’
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবারই ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
এ সফরে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সরকারের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মার্কিন বিশেষ দূত। এছাড়া রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। সফরের অংশ হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরও পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।