দেশের চিনিকলগুলোতে সারা বছর উৎপাদনশীলতা রাখা যায় কিনা, সরকার সে চিন্তা–ভাবনা করছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে নাটোর সুগার মিলে আকষ্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশের সুগার মিলসগুলো কয়েটটা মাস চালু থাকে। এটিকে সারা বছর উৎপাদনশীলতা করা যায় কিনা– সরকার সে চিন্তা–ভাবনা করছে। এছাড়া বাই প্রোডাক্ট তৈরি করে মিলগুলোকে লাভজনক করার পরিকল্পনা করছে সরকার।
সেইসঙ্গে বিসিক সম্প্রসারণের স্থানীয় সংসদ সদস্যের পরামর্শের পাশাপাশি শিল্প স্থাপনে স্থানীয় উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়া হবে বলে জানান রিজভী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ চিনিকল আখ চাষী কল্যাণ ফেডারেশনের সভাপতি মসলেম উদ্দিন, নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদসহ দলীয় নেতাকর্মীরা।