পানি নিয়ে এ পর্যন্ত ভারতের সঙ্গে যত চুক্তি হয়েছে প্রতিটিতেই প্রতারণা জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যবার্ষীকিতে সকল অভিন্ন নদী প্রবাহের অধিকার আদায়ের দাবিতে জাতীয় শহিদ মিনারে আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘৫৫ বছরেও বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা দেয়নি ভারত। তাই আগামীতে পানির ন্যায্য অধিকার আদায়ে আরও জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘পানিবণ্টনের ন্যায্য দাবি তুললেই একশ্রেণির বুদ্ধিজীবী সমালোচনায় মুখর হন। অথচ উজানে একতরফাভাবে পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা ও পরিবেশে সংকট তৈরি হচ্ছে।’
এসময় রুহুল কবির রিজভী বলেন, ‘ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বলে বাংলাদেশের ন্যায্য পানির অধিকার উপেক্ষা করা যায় না। এমনকি আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষা করে দেশ পরিচালনা করার পরেও বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা দেয়নি।’
দেশের স্বার্থ ও মানুষের অধিকার রক্ষায় এই প্রতিবাদ আরও জোরালো ও তীব্র করতে হবে বলেও জানান রিজভী।


