ঢাকার আশপাশে চারটি নদীর ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
আজ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সংক্রান্ত এক বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রী।
শেখ রবিউল আলম বলেন, ‘ঢাকার চারপাশের ৪টি নদীতে বৃত্তাকার নৌপথ চালুর বিষয়ে কাজ করছে সরকার। ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনা করছে সরকার।’
মন্ত্রী বলেন, ‘নৌ পথে আওয়ামী লীগ আমলে ১০ বছরে ৫৭ কোটি টাকা ক্ষতি হয়েছিল। আমরা এবার সেটি পর্যালোচনা করে প্রকল্প নেব। ৪২৪টি জায়গা দিয়ে নদী দূষণ হচ্ছে, সেগুলো বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার।
বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই প্রশাসক। তারা জানান, সড়কের মতো নৌ-পথকেও ব্যবহারের উপযুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে গঠিত বোর্ডের মাধ্যমে জনগণের জন্য নৌপথকে উন্মুক্ত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।