দেশজুড়ে পুলিশ সদস্যদের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সদরদপ্তর। একই সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমার মতো দেখতে দুটি পরিত্যক্ত বস্তু পাওয়া যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দেখা যায় এগুলো বোমা নয়।
এর আগে গত সপ্তাহে বোমা পাওয়া যায় রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের কাছে। সবকিছু মিলিয়ে পুলিশ অতিরিক্ত সতর্ক থাকার সিদ্ধান্ত নিয়েছে। নিজেদের ব্যবহার করা যানবাহন ও স্থপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়ে জরুরি সতর্ক বার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি বার্তার নির্দেশনাগুলো বাস্তবায়নের তাগিদ দিয়েছে পুলিশ সদরদপ্তর। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ নির্দেশনা জারি করা হয়েছে।
সতর্ক থাকার এই নির্দেশনা নিয়মিত কার্যক্রমের অংশ দাবি করলেও পুলিশের সবগুলো স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।