পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সৌদি আরব নেতৃত্বাধীন নৌ সামরিক জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ শুধু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে এখনো কোনো করণীয় নির্ধারণ করা হয়নি। আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
গত বৃহস্পতিবার সৌদি আরব বাংলাদেশ, পাকিস্তান ও তুরস্কসহ ১৩টি দেশ নিয়ে মধ্যপ্রাচ্যে একটি নৌ সামরিক জোট গঠনের ঘোষণা দেয়। এই জোটের উদ্দেশ্য বাব আল-মান্দেব প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে মেরিটাইম নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ২২ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে। এটি ইন্দো-প্যাসিফিক সহযোগিতার অংশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া কোনো চুক্তি যদি বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে, তাহলে সেই চুক্তির ধারাবাহিকতা বজায় থাকবে।’
ঢাকা-বেইজিং সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রেখেই ভারত ও চীনের সঙ্গে কাজ, বিনিয়োগ এবং বাণিজ্য এগিয়ে নেওয়া হবে।’