সফটওয়্যারের মাধ্যমে অপতথ্য চিহ্নিত করতে তথ্য মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ শনিবার সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে তথ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘যত সোশ্যাল মিডিয়ার পরিধি বাড়ছে, ততই ভুয়া তথ্য ও গুজব বাড়ছে। এসব বিষয নিয়ে সরকার নতুন করে ভাবছে। নতুন সফটওয়্যারের মাধ্যমে অপতথ্য চিহ্নিত করতে তথ্য মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেবে।’
এ সময় ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্রের দুরবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। অথচ এটি জলাবদ্ধতা হলে পানিতে ডুবে যায়। এটি খুব পরিতাপের বিষয়। আগামীতে কালুরঘাট বেতার কেন্দ্রকে কীভাবে আরও সুন্দরভাবে রাখা যায় সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিটিভিকে জনপ্রিয় করে তুলতে ফরেনসিক অডিট শুরু হচ্ছে। এর মাধ্যমে অনুষ্ঠানগুলো আরও কীভাবে আকর্ষণীয় করা যায়, সে বিষয়েও কাজ চলছে।’