অনলাইন নিউজ পোর্টালগুলোকে সংবাদের মান বজায় রাখার পাশাপাশি সন্ত্রাস, সাম্প্রদায়িকতা এবং ফ্যাসিজমের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (অনাব)-এর সঙ্গে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিজম নির্মূলে অনলাইন পোর্টালগুলো সহায়তা করবে বলে সরকার প্রত্যাশা করে। অনলাইন পোর্টালগুলোকে অবশ্যই সংবাদের মানের দিকে লক্ষ্য রাখতে হবে। মান ঠিক না রাখলে পাঠক আগ্রহ হারাবে।
তিনি বলেন, তাই মান ধরে রাখতে হলে সে অনুযায়ী দক্ষতা ও যোগ্যতাসম্পন্ন সাংবাদিক সম্পৃক্ত করতে হবে। এছাড়া যেকোনো কাজের ক্ষেত্রে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি মাথায় রাখার পরামর্শ দেন তিনি।


