রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হলেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। রোববার দুপুরে বিরোধী জোটের বৈঠক শেষে এ ঘোষণা দেন বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপি নেতা নাহিদ ইসলাম। 

রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী মনোনয়ন দিতে বৈঠকে বসে ১১ দলীয় ঐক্যের নেতারা। বেলা সাড়ে ১১টায় মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ বৈঠক হয়। রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ এবং বিরোধীদলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই ডাকা হয় শীর্ষ এই বৈঠক। 

এর আগে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

রাষ্ট্রপতির পদ থেকে ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ হবে ২০ আগস্ট।