ক্রিকেটার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসান বিএনপি নেতৃত্বাধীন সরকারকে বেকায়দায় ফেলতে ‘ফালতু’ কথা বলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন। সাকিব আল হাসান নিরাপত্তা পেলে দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন, ওই প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল তথ্য উপদেষ্টার কাছে।
জাহেদ উর রহমান বলেন, সাকিব আল হাসান দেশে আসলে কি নিরাপত্তাহীন থাকবেন? উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ। উনি ফালতু কথা বলেন সরকারকে বেকায়দায় ফেলার জন্য। উনি এখনও হাসিনার সাথে সম্পৃক্ত।
তিনি বলেন, উনি (সাকিব) এয়ারপোর্টে নামলে কেউ মব করবেন? উনি আইনগত বিষয় ফেস করে আসলে সমস্যা দেখি না। উনি হাসিনার চেয়ে বড় অপরাধী না।
তথ্য উপদেষ্টা বলেন, হাসিনাও যদি দেশে আসেন, পূর্ণ নিরাপত্তার সাথে আসবেন। তবে হাসিনার মতো মাফিয়াকে আর দেখতে চাই না।
এসএসসির ফলাফল নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, একটা সময় ছিল যেনতেনভাবে পাসের হার বাড়ানো হতো। এই সরকার হার নয় মান নিশ্চিত করতে চায়।
তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে। মানুষের এই বিষয়ে আগ্রহ রয়েছে। স্কুলের শিশুদের এই জাদুঘর দেখানোর ব্যবস্থা করা হচ্ছে সরকারি ব্যবস্থাপনায়। এই জাদুঘরে আওয়ামী লীগ সরকার কি কি করেছে; মাফিয়াতন্ত্র কীভাবে কায়েম করেছে তা রাখা হয়েছে।
জাহেদ উর রহমান বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি নীতিমালা করতে চায় সরকার। জ্বালানি নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না।
তথ্য উপদেষ্টা বলেন, সরকারে ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। কেবিনেটের সদস্যদের পারফরমেন্স ওপর রদবদল হতে পারে। এর সাথে ১৮০ দিনের সম্পর্ক নেই।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বক্তব্য তারা (ভারত) এনডোরস করছে। হাসিনার ক্ষমতায় থাকার পেছনে ভারতের হাত আছে, এটা স্পষ্ট।
তিনি বলেন, ‘র’ এর সফর আসতেই পারেন। আমাদের গোয়েন্দা প্রধান ভারতে গিয়েছে। ভারতের কোনো গোয়েন্দা সংস্থা হাসিনার আমলের মত এ দেশে কাজ করতে পারবেন না।
জাহেদ উর রহমান আরও বলেন, ব্রিকসে প্রধানমন্ত্রী যাবেন কি না, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সফর যেকোনো সময় হতে পারে।