জ্বালানি সংকটে ১২ ঘন্টা পর্যন্ত লোডশেডিং, হাহাকারের নাম বিদ্যুৎ

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশে লোডশেডিং আবার বেড়েছে। কম সরবরাহের কারণে কোথাও কোথাও ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রামাঞ্চলের মানুষ।  

এমন ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিদ্যমান সংকটের কিছুটা উন্নতি হবে বলেও আশা করেন তিনি।

উল্লেখ্য, গত ২১ জুলাই মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ার পর থেকেই বাড়তে থাকে লোডশেডিং। জ্বালানি সংকটে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সাড়ে ৫ হাজার মেগাওয়াট থেকে নেমেছে ৪ হাজারের ঘরে। 

এছাড়া ভারতের আদানি কেন্দ্র থেকেও ৪০০ মেগাওয়াট পর্যন্ত কমেছে বিদ্যুৎ সরবরাহ। ফার্নেসওয়েল-নির্ভর কেন্দ্রগুলো থেকেও কমেছে বিদ্যুৎ। জাতীয় গ্রিডের তথ্য অনুযায়ী, সকাল ৮টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার ২৪৯ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ হয়েছে ১২ হাজার ৯৩৫ মেগাওয়াট।