টেকসই সার্বভৌম দেশ হিসেবে টিকে থাকতে হলে অবশ্যই জনগণ এবং শিল্পকারখানার জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং টেকসই জ্বালানি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে আগামী ২০৪০ সালের মধ্যে সরকার দেশের জাতীয় গ্রিডের চাহিদার ৩০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে সংগ্রহ করবে। আর এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি, বিদেশি ও প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগ থেকে এই লক্ষ্য অর্জন সম্ভব।’
তিনি আরও বলেন, ‘জ্বালানির মাধ্যমে প্রতি ইউনিট বিদ্যুৎ আমদানি করতে মার্কিন ডলার খরচ হয়, যা দেশের ব্যবসা ও অর্থনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয়। তাই সৌরবিদ্যুতের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমাতে হবে।’
এ সময় বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, ‘আগামী গ্রীষ্ম বা গরমের মৌসুম আসার আগেই দেশে সৌরবিদ্যুৎ গ্রিডে প্রায় তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করতে কাজ করছে বর্তমান সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো। চলতি বছরের গরমে যে সংকটে পার করতে হয়েছে সেটা থেকে উত্তরণে এটাই একমাত্র পথ।


