ঢাকা-দিল্লি অংশীদারত্ব টিকিয়ে রাখার প্রত্যয় ভারতীয় হাইকমিশনারের

বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষের বন্ধনই দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি—এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে দেশটির ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। ভবিষ্যতেও বিভিন্ন খাতে ঢাকা-দিল্লি অংশীদারত্ব টিকিয়ে রাখার প্রত্যয় তুলে ধরেন তিনি।

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বারিধারায় হাইকমিশন প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে যোগ দেন বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিকেরা। তাঁদের উদ্দেশে পাঠ করা হয় ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিশেষ বাণী।

পরে ভারতের হাইকমিশনার তাঁর বক্তব্যে বলেন, মানুষের সঙ্গে মানুষের বন্ধনই হচ্ছে প্রতিবেশী দুই দেশের সম্পর্কের প্রাণস্পন্দন।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমরা উপলব্ধি করি যে অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার ভিত্তিতে গড়ে ওঠা মানুষে মানুষে যোগাযোগই এই সম্পর্কের মূল ভিত্তি। এটিই এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রকৃত প্রাণস্পন্দন।’

ভারত ও বাংলাদেশ—দুই দেশেরই স্বাধীনতা সংগ্রামের শেকড় একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, ‘অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে হাতে হাত রেখে কাজ করে ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বের অসাধারণ বন্ধনকে আরও শক্তিশালী করে তুলি।’

বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি থেকে শুরু করে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ নানা খাতে দুদেশের অংশীদারত্বকে এগিয়ে নিতে কাজের প্রত্যয় তুলে ধরেন ভারতীয় হাইকমিশনার।