বাংলাদেশে ফ্যাসিস্টদের বিচারসহ প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। রোববার বিকেলে বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০তলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, এই বাংলাদেশে ফ্যাসিস্টদের বিচার হবে। বাংলাদেশে প্রতিটি খুনের বিচার হবে। প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে। সেই বিচারের পথ ধরে সরকার এগিয়ে যাচ্ছে। সেই বিচার কোনো গোপন বিচার হবে না, ন্যায় বিচার হবে।
আইনমন্ত্রী আরও বলেন, এই সরকার ছয় মাসের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে আস্থা ও ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। সরকার দায়িত্ব নেওয়ার পরে ইরান যুদ্ধ শুরু হয়। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে তেলের দাম বাড়েনি। এর মধ্যেও আমরা চেষ্টা করছি ঘুরে দাঁড়ানোর এবং আমরা ঘুরে দাঁড়িয়েছি।
মন্ত্রী আরও বলেন, একদিকে যারা হ্যারিকেন সামনে নিয়ে গ্যাস বিদ্যুতের দাবিতে মিছিল করছেন পেছনে ইলেকট্রিক কানেকশন নিয়ে ফ্যানের বাতাস খাচ্ছেন। এটা হলো বাস্তবতা। আমরা বলছি না যে সংকট নেই, আমরা বলছি সংকট আছে এবং সংকটের সমাধানের উপায় আমরা বের করার চেষ্টা করছি নিরন্তরভাবে।
মো. আসাদুজ্জামান বলেন, ভোটের কালির দাগ মুছে যাওয়ার আগেই ভোটের মাঠে দেওয়া প্রদত্ত প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করেছি। যারা ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বিএনপি ক্ষমতায় এসে সেই ফ্যামিলি কার্ড চালু করেছেন। এ বছরের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটা পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর পাশাপাশি কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়েছে।
আইনমন্ত্রী বলেন, স্বৈরাচারী হাসিনার আমলে আমরা সাড়ে চার হাজারেরও বেশি সহযোগিকে হারিয়েছি। তাদেরকে ক্রসফায়ারের নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। ৭০০ বেশি সহযোদ্ধাকে গুম করা হয়েছিল। বিগত ১৭ বছরে বিএনপি করার অপরাধে ৬০ লাখের বেশি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা করা হয়েছিল।
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, তথ্য ও সস্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এতে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য মো. জয়নুল আবেদিন, বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।