প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, ‘গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল, তাই জনগণের কষ্টের দায় স্বীকার করে সরকার সংকট নিরসনে কাজ করছে। তবে সংকট পুরোপুরি নিরসন হতে কমপক্ষে আরও দুই বছর লাগবে। সেই পরিকল্পনা অনুযায়ী সরকার এগুচ্ছে। সাময়িক যেনো খুব বেশি সমস্যা না হয় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।’
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে দেশব্যাপী প্রাথমিক মাধ্যমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমস্যা নিয়ে বিরোধী দলের আন্দোলনের প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, ‘এটি গণতান্ত্রিক সরকার, তাই আন্দোলনের নামে মানুষের ভোগান্তি সৃষ্টি না করে সংসদে বিরোধী দলের কথা বলার সুযোগ রয়েছে। সংকট নিরসনে সরকার তাদের কাছেও যৌক্তিক পরামর্শ চেয়েছে।’
জনগণের কষ্টের দায় স্বীকার করে উপদেষ্টা বলেন, ‘এর প্রভাব আগামী স্থানীয় সরকার নির্বাচনেও পড়বে।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো.আবু ওয়াহাব আকন্দ, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার এসএম হুমায়ূন কবির। অনুষ্ঠানে চার জেলার জেলা প্রশাসক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।