বৃহস্পতিবার সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শুক্রবার বঙ্গভবনে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটের ফলাফল প্রকাশের পর এমনটাই জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এবারের রাষ্ট্রপতি নির্বাচন গুরুত্বপূর্ণ উল্লেখ করে চিফ হুইপ জানান, আজকেই (বৃহস্পতিবার) গেজেট প্রকাশিত হবে এবং আগামীকাল (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন সরকারি দল বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট।