আমদানি করতে না পারার কারণে গ্যাসের সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, গ্যাস পাওয়া সহজ হচ্ছে না। দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। ব্যবস্থাপনায় সমস্যা হয়নি তা বলব না, তবে মূল সমস্যা আমদানি করতে না পারা।
তিনি বলেন, শিল্প মালিকদের বিল ১২ মাসে পরিশোধের সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। কয়লায় বিদ্যুৎ উৎপাদন সবোর্চ্চ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জাহেদ উর রহমান বলেন, ভোলার গ্যাস পাইপলাইন না এলএনজি–কোন পদ্ধতিতে আনা হবে তা নিয়ে সমীক্ষা হচ্ছে। দ্রুতই সিদ্ধান্ত হবে। সহনশীল অবস্থায় আসতে দুই বছর সময় লাগবে।
উপদেষ্টা বলেন, নিরাপদ খাদ্য কতৃপক্ষ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে মোবাইল কোর্টের মাধ্যমে। স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রম চলছে।
নারীদের জন্য পিংক বাস চালু সরকারের ইতিবাচক কাজের অংশ বলে মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন ও পৌরসভা ব্যাটারিচালিক রিকশা নীতিমালার আওতায় আনার উদ্যোগ নিচ্ছে। শৃঙ্খলায় আনতেই এই উদ্যোগ।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের জন্য এই অর্থ বছরে ৪১ কোটি টাকা বরাদ্দ। ধীরে ধীরে সবাইকে এর আওতায় আনা হবে।