এখন গণমাধ্যম বেশি স্বাধীন: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে  তিনি এ মন্তব্য করেন।

যদি কেউ অন্যায়–অনিয়ম–দুর্নীতি করে তাহলে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার জন্যে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এই বাক স্বাধীনতার নামে অপতত্ত্ব সংবাদ প্রকাশ করে কাউকে হেয় প্রতিপন্ন করবেন না। রাষ্ট্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে রাষ্ট্রদ্রোহিতা করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘অন্য পেশার মতো সাংবাদিক পেশার কোনো অবসর ভাতা নেই, সেজন্য চেষ্টা করছি। এখন সাংবাদিকদের জন্য যে পরিমাণে অর্থ কল্যাণ ট্রাস্ট আছে এর তিনগুণ করার জন্য অর্থ মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছি এবং সাংবাদিকদের সহযোগিতার জন্য তাদের আবেদনের ভিত্তিতে সঠিক যাচাই-বাছাই এর মাধ্যমে সবাইকে সহজে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।’

তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সাংবাদিকদের মধ্যে অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন ঠিক আছে তবে সাংবাদিকতা করার সময় এবং খবর পরিবেশনের ক্ষেত্রে যেন কোনো দলের পক্ষে না হয়, নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে।’

কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় মতবিনিময়ে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী, ময়মনসিংহ -৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুসহ অন্যরা।

এর আগে, সকালে স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধনী পর্বে  প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।