সংঘাত নয়, দেশে সমঝোতার রাজনীতি হোক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর কোন সংঘাত নয়, তিনি চান দেশে সমঝোতার রাজনীতি হোক। আজ রোববার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি একথা বলেন। 

রাষ্ট্রপতি আরো বলেন, সকল রাজনীতিবিদ নিজেদের মতাদর্শ প্রচার করবেন স্বাধীনভাবে, কিন্তু কেউ যেন সংঘাতে না জড়ায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। 

এসময় ঠাকুরগাঁও জেলার উন্নয়নের চিত্র তুলে ধরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিশ্ববিদ্যালয়ের দাবি ছিল সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে। আগামী বছর থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হবে। এছাড়া ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা হয়েছে। বিমানবন্দরের দাবিও পূরণ হবে বলে আশ্বাস দেন তিনি।  

তিনি বলেন, ‘ঠাকুরগাঁও পিছিয়ে পড়া, আমরা দাবি করতে পারি না। বিশ্ববিদ্যালয়ের দাবি ছিল, এখন সব কিছু হয়ে গেছে। আগামী বছর থেকে ছাত্র ভর্তি শুরু হবে। দুটি নতুন উপজেলা হয়েছে। বিমানবন্দর হলে সাধারণ মানুষ খুব উপকৃত হবে তা নয়; এটি চালু হলে টিকিয়ে রাখতে কলকারখানা বাড়াতে হবে। আশা করছি, খুব দ্রুতই কৃষিভিত্তিক বিনিয়োগকারীদের আনা সম্ভব হবে।’

রাষ্ট্রপতি জানান, ঠাকুরগাঁওয়ে ৭২ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে এবং শিক্ষার প্রসারে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এসময় হিন্দু মুসলিম দ্বন্দ্বসহ সকল ধরণের হানাহানি বাদ দেওয়ার আহ্বান জানান দেশের ২৩তম রাষ্ট্রপতি। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঠাকুরগাঁওয়ে কোন সংঘাত রাখতে চাই না, সব রাজনীতিবিদদের প্রতি আহ্বান, আপনারা নিজেদের মতবাদ প্রচার করবেন, কিন্তু কোন সংঘাতে জড়াবেন না।’  

এসময় রাষ্ট্রপতি আরো বলেন, ‘গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করেছি, বাংলাদেশে সমঝোতার রাজনীতি দেখতে চাই। কোন হানাহানি নয়। নতুন প্রজন্ম লেখাপড়া শেষ করে যেন চাকরি পায়। হিন্দু মুসলিম দ্বন্দ্ব দেখতে চাই না, আমি বিশ্বাস করি ঠাকুরগাঁওয়ের মানুষ আলোকিত জেলা তৈরি করবে।’  

তিনি জেলাবাসীকে চাকরি ও ঠিকাদারির পিছে না দৌড়ে নিজেদের কর্মসংস্থান তৈরির চেষ্টা করারও আহ্বান জানান। পাশাপাশি জেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনকে উদ্যোগ নেওয়ার কথাও বলেন রাষ্ট্রপতি।

সবশেষে তিনি ঠাকুরগাঁওবাসীর উদ্দেশে বলেন, আমি সব সময় আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।