বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিট আপত্তি খতিয়ে দেখতে তদন্ত কমিটি 

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট আপত্তি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সংসদীয় কমিটি। 

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিটির সভাপতি ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 

অনিয়মের বিষয়ে তদন্ত করে ১ সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমার নির্দেশ দেয়া হয়েছে। 

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বহু পুরোনো অডিট নিয়ে কাজ না করে নিকট অতীত অর্থাৎ ২০২৪-২৫ সালের অডিটগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, যাতে বর্তমানে দায়িত্বে থাকা ব্যক্তিদের ওপর জবাবদিহি নিশ্চিত করা যায়। অন্তর্বর্তী সরকার বা অন্যান্য সরকারের আমলের অডিট আপত্তিগুলো পর্যায়ক্রমে সামনে আনা হবে। 

বড় ধরনের দুর্নীতি যেসব জায়গায় হয়েছে, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান বিরোধীদলীয় উপনেতা।