সাগর-রুনি হত্যা: চিফ প্রসিকিউটরের কাছে রুনির ভাইয়ের আবেদন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে সহযোগিতা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে আবেদন করা হয়েছে। আজ রোববার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আবেদনটি জমা দেন রুনির ভাই নওশের আলম রোমান।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, মামলাটির তদন্ত করছে পিবিআই। ট্রাইব্যুনালের মামলার তদন্ত করতে গিয়ে যদি সাগর-রুনি হত্যার সাথে সম্পৃক্ত কোনো তথ্য উপাত্ত পাওয়া যায় তবে অবশ্যই তা পিবিআইকে দিয়ে সহযোগিতা করা হবে। তবে ট্রাইব্যুনালের আইনে তদন্ত সংস্থা বা প্রসিকিশন এই মামলা তদন্ত করতে পারে না।

তিনি জানান, অন্য একটি মামলার তদন্ত করতে গিয়ে সাগর-রুনি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত সাবেক একজন সেনা কর্মকর্তা ও একজন নাট্যকর্মীর কথোপকথন পেয়েছেন। 

জুলাই আগস্ট আন্দোলনে চট্টগ্রামের একটি মামলায় সাক্ষীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে–এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, এসব করে ট্রাইব্যুনালের কোনো মামলাকে বাধাগ্রস্ত করা যাবে না। সাক্ষীদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।