মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের–পরশসহ ৭ নেতার রায় আজ

ওবায়দুল কাদের, পরশ, সাদ্দামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার।

এ রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। প্রত্যেকের সর্বোচ্চ সাজার আশা রাষ্ট্রপক্ষের। আসামিপক্ষের দাবি, তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল দুইয়ে প্রায় ৭ মাস ধরে চলেছে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম, আলী আরাফাত, যুবলীগের ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের বিচার।

রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে দলীয় নেতা-কর্মীদের ব্যবহার করে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ওপর হামলা, আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পলাতক সাত আসামির বিরুদ্ধে মোট ২৮ জন সাক্ষ্য দিয়েছেন।

১৭ আগস্ট বিচারকাজ শেষ হওয়ার পর থেকেই রায়ের অপেক্ষায় ছিল মামলাটি। আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর দাবি, তারা হত্যার নির্দেশদাতা নন।

এর আগে ট্রাইব্যুনালের ৬টি রায় ঘোষণা গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার হলেও এ মামলার রায় সম্প্রচার করা হবে কিনা তা নিশ্চিত নয়।