মানবতাবিরোধী অপরাধ

মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পিএম

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে এই মামলার অপর তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন– বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন– কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আসগর আলী, কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আতাউর রহমান।

এছাড়া, সাজাপ্রাপ্ত সকল আসামির স্থাবর সম্পত্তির অর্ধাংশ বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই বাজেয়াপ্তকৃত সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ জুলাই ফাউন্ডেশন বা অন্যকোন বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যাক্তিদের ক্ষতিপূরণ হিসাবে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

প্রথম অভিযোগ: ২০২৪ সালের ১৫, ১৭ ও ৩০ জুলাই আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে উপস্থিত থেকে কাদেরের উসকানিমূলক বক্তব্যকে সমর্থন করেন মাহবুব উল আলম হানিফ। এছাড়া ২৯ জুলাই জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় আন্দোলনকারীদের হত্যা ও নির্যাতনের নির্দেশ, উসকানি, প্ররোচনা দেন মাহবুব উল আলম হানিফ।

দ্বিতীয় অভিযোগ: মাহবুব উল আলম হানিফের নির্দেশে ২০২৪ সালের ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয়ে সদর উদ্দিন খান, আসগর আলী, আতাউর রহমানসহ অন্য আওয়ামী লীগের নেতারা সভা করেন। সে সভায় নিরীহ নিরস্ত্র ছাত্র–জনতার শান্তিপূর্ণ আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করা হয় এবং সভা থেকে কুষ্টিয়া শহরে আন্দোলন দমনে সর্বোচ্চ বলপ্রয়োগের জন্য আওয়ামী সন্ত্রাসীদের নির্দেশ দেওয়া হয়।

তৃতীয় অভিযোগ: ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা এই মামলার চার আসামির নির্দেশে ছাত্র জনতার ওপর গুলি চালায় এবং তাদের গুলিতে আশরাফুল ইসলাম, সুরুজ আলী, আবদুল্লাহ আল মুস্তাকিন, মো. উসামা, বাবুল ফরাজী ও ইউসুফ শেখ মারা যান।

২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ ২০২৫ সালের ৬ অক্টোবর ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। উভয় পক্ষের শুনানি শেষে গত বছরের ২ নভেম্বর এই মামলায় অভিযোগ গঠন করে ৮ ডিসেম্বর সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

গত ২৩ এপ্রিল এই মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সাক্ষ্য গ্রহণ শেষ হয়। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে মামলাটি রায় ঘোষণার অপেক্ষায় রাখার পর আজ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজকের রায়ে দণ্ডিত মাহবুব উল আলম হানিফসহ এই মামলার চার আসামি পলাতক।

জাল সনদ ব্যবহার করে ৩৮তম বিসিএসে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত দুই ব্যক্তির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ ৩ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় বৃহস্পতিবার। 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার ৬৩ শতাংশ আসামিই পলাতক। এদের অনেকে দেশে থাকলেও রয়েছে ধরাছোয়ার বাইরে। আর ইন্টারপোলের মাধ্যমে বিদেশে পলাতকদেরও গ্রেপ্তার করা...
দুই বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন সন্তুষ্ট। তবে জুলাই মানবতাবিরোধী অপরাধের অনেক মামলার তদন্তই শেষ হয়নি এখনও। দেড় বছরের বেশি সময় ধরে গ্রেপ্তার থাকলেও সুনির্দিষ্ট...
 সমুদ্রপথে লিবিয়ায় অনুপ্রবেশ করা ১৭২ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে তারা ফিরেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাবানা বেগম নামের এক নারী হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুজনকে সাত বছর ও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুরে ঘর থেকে ডেকে নিয়ে যুবদলকর্মী ও মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে গুলি করে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার পার্বতীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
লিটনের শারীরিক অবস্থার আপডেট দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ডান কনুইয়ে চোট পেয়েছেন লিটন। এখন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
লোডিং...

এলাকার খবর