রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সিলেট সফরে এসে নাগরিক সংবর্ধনা পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে মঙ্গলবার সিলেট সিটি করপোরেশনের আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছেন বিএনপির জেলা ও মহানগর নেতাকর্মীদের বড় একটি অংশ।
রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে নগরীর প্রবেশমুখের সাতটি পয়েন্টে নেতাকর্মীদের উপস্থিতির মাধ্যমে দলীয়ভাবে স্বাগত জানায় বিএনপি।
তবে সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেননি জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
বিষয়টি নিশ্চিত করে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করা ও আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে অনুষ্ঠান বয়কট করা হয়েছে।’
এমদাদ হোসেন চৌধুরী আরও বলেন, ‘‘সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটিকে ‘নাগরিক সংবর্ধনা’ বলা হলেও প্রকৃত অর্থে এটি কোনো নাগরিক কমিটির মাধ্যমে আয়োজিত সংবর্ধনা নয়। এটি সিসিকের একটি অনুষ্ঠান এবং আয়োজনটি একক ব্যক্তিকেন্দ্রিক।’’
তবে, রাষ্ট্রপতিকে সম্মান জানাতে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সিলেটে প্রবেশের পথে বিভিন্ন পয়েন্টে উপস্থিত হয়ে তাঁকে স্বাগত জানিয়েছেন। কিন্তু সিটি করপোরেশনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তারা অংশ নেননি।
বিকেল সাড়ে ৩টার দিকে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি।
এর আগে, আজ বেলা সাড়ে ১১টায় সিলেটে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে হযরত শাহজালাল (রহ.) ও শাহ পরান (রহ.)–এর মাজার জিয়ারত করেন তিনি।
বিকেলে সিলেট নগর ভবনে নাগরিক সংবর্ধনায় যোগ দেন রাষ্ট্রপতি।
এদিকে, রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেট নগরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের পাশাপাশি বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোও নিয়েছে ব্যাপক প্রস্তুতি। সব মিলিয়ে দিনব্যাপী নগরজুড়ে উৎসবের আমেজ।
নাগরিক সংবর্ধনা শেষে আজ রাতেই ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।