বাংলাদেশ ২০৩০ সালে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হবে: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩০তম অর্থনীতির দেশ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। রোববার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর দ্বিতীয় দিনের বিভিন্ন সেশনে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনীতিবিদ এবং সরকারের নীতিনির্ধারকরা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দাতা আর গ্রহীতায় সীমাবদ্ধ রাখতে চায় না ইউরোপীয় ইউনিয়ন। কৌশলগত অংশীদার হিসেবে সম্পর্ক আরও গভীর করতে চায় তারা।  

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ‘এলডিসি উত্তরণে সহযোগিতার পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনাও খতিয়ে দেখছে ইইউ।’

‎মাইকেল মিলার আরও বলেন, ‘বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে এগোতে প্রস্তুত ইইউ। তবে সম্ভাব্য বাণিজ্য চুক্তি হতে হবে ভারসাম্যপূর্ণ এবং  উভয়ের জন্য লাভজনক।  
‎
ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সাথে ইউরোপিয় ইউনিয়নের সম্পর্ক রাজনৈতিক বা ভৌগলিক নয়। এটা বন্ধুত্বের প্যাকটিক্যাল একটা সম্পর্ক। ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩০তম অর্থনীতির দেশ হতে যাচ্ছে বাংলাদেশ।’‎

‎সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে ত্রাণনির্ভরতা থেকে উৎপাদনমুখী ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। ‎তিনি বলেন, ‘সরকারি সেবার জন্য জনগণ বিভিন্ন মন্ত্রণালয়ে যাবে সেটা হয় না। বর্তমান সরকারের ফ্যামেলি কার্ড, কৃষক কাড মানুষের সরকারি সেবা গ্রহণ সহজ করবে।’
‎
তিন দিনের এই সংলাপ শেষ হবে সোমবার।